বাড়ি ফেরার পথ তো তিনি হারিয়ে ফেলেছেন

কাজী মোতাহার হোসেনের কেবল যে মোজা নিয়ে ঝামেলা হতো এমন নয়, প্রায়ই ভুল করে লুঙ্গি আর পায়জামা একসঙ্গে পরে ফেলতেন তিনি। ঘরের কেউ খেয়াল না করলে এমন কাণ্ড অহরহই ঘটাতেন। তখন কাজী মোতাহার হোসেনের মেয়ে মাহমুদা খাতুন থাকতেন করাচিতে, ওইখানেই চাকরি করতেন। সেখানে বেড়াতে গিয়েছিলেন কাজী মোতাহার হোসেন। বেড়াতে গিয়ে কি সব সময় ঘরে বসে থাকতে ভালো লাগে! তাই চারপাশটা ঘুরে দেখার জন্য হাঁটতে বের হলেন তিনি। ঘোরাঘুরি শেষে মেয়ের বাসায় ফিরবেন, এমন সময় পড়লেন মহাবিপদে। দেখা গেল, বাড়ি ফেরার পথ তো তিনি হারিয়ে ফেলেছেন! এ কারণে বাসার কাছাকাছি এসেও সঠিক বাসাটা আর কিছুতেই খুঁজে পাচ্ছেন না। একে ওকে জিজ্ঞাসা করছেন, কেউই ঠিকভাবে কিছু বলতে পারছে না।বিকেলে অফিস ছুটি হলে মাহমুদা খাতুন বাসায় ফিরছিলেন। রাস্তায়ই পেলেন পথভোলা বাবাকে, এগিয়ে গেলেন তাঁর কাছে। কাজী মোতাহার হোসেন সালাম দিয়ে তাঁকেও জিজ্ঞাসা করলেন, ‘মাহমুদার বাড়িটা কোথায়, বলতে পারেন?’