অর্থ ও বানিজ্য

সেবি কেন আদানির বিরুদ্ধে আনা অভিযোগের গভীরে যাচ্ছে না: রঘুরাম রাজন

২০২০ সালে ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির সম্পদমূল্য ছিল ৮৯০ কোটি ডলার। দুই বছরের মধ্যে তাঁর সম্পদমূল্য ফুলে–ফেঁপে ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়। ফলে হঠাৎ করে তাঁর এমন উত্থানের পেছনে কারসাজি আছে, এই সন্দেহ অনেক আগে থেকেই ছিল। বিশেষ করে মরিশাসের কিছু কোম্পানি নিয়ে সন্দেহ ছিল ভারতের বাজার পর্যবেক্ষকদের। অভিযোগ ছিল, আদানি গোষ্ঠীর শেয়ারে বিনিয়োগ করা মরিশাসের এসব কোম্পানি ছিল কার্যত ভুয়া। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের শর্ট সেলার হিনডেনবার্গ রিসার্চ যখন অভিযোগ করল, গৌতম আদানির কোম্পানিগুলোর শেয়ারের দাম জালিয়াতি করে বাড়ানো হয়েছে, তখন সেই সন্দেহ আরও দানা বাঁধে। কিন্তু ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সেবি এখনো কেন মরিশাসভিত্তিক ওসব তহবিলের প্রকৃত মালিকানা খুঁজে বের করতে পারেনি, রোববার সেই প্রশ্ন তুলেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সাবেক গভর্নর রঘুরাম রাজন। সে জন্য তদন্তকারী সংস্থাগুলোর সাহায্য প্রয়োজন কি না, সেটাও জানতে চেয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

Leave a Reply

Back to top button