অপরাধ

নির্বাচনের আগের রাতেই ব্যালট ছিনতাইয়ের অভিযোগ

আগামীকাল ১৫ মার্চ ও পরদিন ১৬ মার্চ অনুষ্ঠেয়   সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের আগের রাতেই ব্যালট ছিনতাই ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।এ ঘটনার সময় উপস্থিত কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের আগের দিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। ফলে এই কমিটির নতুন ‘প্রধান’ মনোনয়ন নিয়ে দুটি বড় রাজনৈতিক দলের (আওয়ামী লীগ ও বিএনপি) প্রার্থীরা সমিতি ভবনের তৃতীয় তলায় আলোচনায় বসেন। তবে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা না হওয়ায় বিএনপি থেকে সমিতির সাবেক সহ-সভাপতি এএসএম মোক্তার কবিরকে আহ্বায়ক ঘোষণা করা হয়। অপরদিকে আওয়ামী লীগ থেকে বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামানকে কমিটির প্রধান ঘোষণা করা হয়। এরপর নিয়ম অনুসারে কমিটির আওয়ামী লীগ ঘোষিত প্রধান মনোনয়নপত্রে সই করার সময় দুই পক্ষের বিতর্ক দেখা দেয়। এর এক পর্যায়ে নীল দলের (বিএনপি) সমর্থকরা হট্টগোল শুরু করেন এবং মনোনয়নপত্র ছিঁড়ে ফেলেন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে রাত প্রায় ১০টার দিকে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে।সরেজমিনে দেখা গেছে, সমিতির সভাকক্ষের সামনে (তৃতীয় তলা) সহ ভবনটির দ্বিতীয় ও প্রথম তলায় হলুদ ও লাল রঙের অসংখ্য ব্যালট ছড়িয়ে আছে। এসব ব্যালটের বেশিরভাগ ছেঁড়া কিংবা মোচড়ানো অবস্থায় পড়ে আছে।এ বিষয়ে উভয়পক্ষের কোনও আইনজীবী প্রার্থী সংবাদমাধ্যমে সরাসরি কথা বলতে রাজি হননি। শেষ খবর পাওয়া পর্যন্ত বুধবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন সাব-কমিটি।এর আগে বুধবার ১৫ মার্চ ও পরদিন ১৬ মার্চ অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। জানা গেছে, আসন্ন নির্বাচনে ভোট গণনায় ইলেকট্রনিক মেশিন প্রবর্তন, ব্যালট পেপার ছাপানোসহ বেশকিছু কারণে মতবিরোধ দেখা দেওয়ায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এ বিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে রাজি হননি।নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল ও হারুনুর রশিদ।কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত সাত প্রার্থী হলেন— মো. সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্রু, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা।অপিরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, সরকার তাহমিনা সন্ধ্যা, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মো. আব্দুল করিম ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম।কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, ফাতিমা আক্তার, ফজলে এলাহি অভি, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান আহাদ ও রাসেল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদ-সহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়েছিল।

Leave a Reply

Back to top button